দাম বেশি, কারণও পরিষ্কার: গম আমদানিতে সরকারের কৌশল

Liberty News Desk
সংগৃহীত ছবি

চলমান খাদ্য সংকট মোকাবিলায় সরকারের গম আমদানির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, এবার আমদানিকৃত গমে প্রোটিনের হার কিছুটা বেশি এবং সেই অনুযায়ী দামও কিছুটা বেশি পড়বে। তবে এর পেছনে রয়েছে তিনটি উদ্দেশ্য।

বুধবার সচিবালয়ে এক কমিটি বৈটক হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রথমত, আমদানি-শুল্ক সংক্রান্ত ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষিতে সুবিধা নিতে চাই। দ্বিতীয়ত, গমের আমদানির উৎস বাড়ানো এবং তৃতীয়ত, প্রোটিনের গুণগত মানের দিক থেকেও এটি উপযোগী।”

ব্যবসায়ীদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগের দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “এখানে লবিস্ট নিয়োগের প্রসঙ্গ নেই। কারণ, এটি দীর্ঘমেয়াদি কোনো নেগোসিয়েশনের বিষয় নয়। আমাদের যা করতে হবে, তা দ্রুততার সঙ্গে করতে হবে।”

তিনি আরও বলেন, “ওরা (লবিস্টরা) তো ওই অফিসে ঢুকতেই পারবে না, নেগোসিয়েশন তো আরও দূরের কথা। এটি আমাদের কূটনৈতিক এবং অর্থনৈতিক চ্যানেল থেকেই সমাধান করতে হবে।”

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বর্তমান অবস্থান সম্পর্কে অর্থ উপদেষ্টা জানান, “আমাদের একটি ভালো ইমেজ তৈরি হয়েছে। শেভরন, এক্সিলারেট এনার্জি ও মেটলাইফের মতো প্রতিষ্ঠানের বকেয়া পরিশোধ করে আমরা ইতিবাচক বার্তা দিয়েছি। ইউএস চেম্বার থেকে ইতোমধ্যেই আমাকে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে তারা বাংলাদেশের প্রতি তাদের আস্থার কথা জানিয়েছে।”

প্রস্তাবনায় জানানো হয়, প্রতি টন গম কিনতে খরচ হবে ৩০২.৭৫ মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৩৭ টাকা ২০ পয়সা প্রতি কেজি হিসেবে নির্ধারিত হবে। এই হিসাবে পুরো চালানে মোট ব্যয় হবে ৮১৭ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার টাকা।

খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এই গমে প্রোটিনের হার তুলনামূলকভাবে বেশি, ফলে গুণগত মানে এটি অধিকতর উন্নত।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন, “প্রোটিনের মান ভালো, দাম একটু বেশি হলেও এটি তিনটি উদ্দেশ্য পূরণে সহায়ক হবে—মূল্য দর-কষাকষিতে যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়া, উৎস বৈচিত্র্য আনা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।”

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন