গুলশানে তল্লাশির নামে তছনছ-ভাঙচুর, বাবা-ছেলেসহ গ্রেফতার তিন

Liberty News Desk

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে ২০-২৫ জনের একটি দল দরজা ভেঙে ওই বাসায় প্রবেশ করে। তাদের দাবি করে, ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র এবং আওয়ামী লীগের সহযোগীদের লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু তল্লাশির নামে তারা বাসাটি তছনছ, ভাঙচুর এবং লুটপাটের চেষ্টা করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৯৯ নম্বরে কল পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন গুলশান থানার ওসি, গুলশান জোনের ডিসি এবং সেনাবাহিনীর সদস্যরা। তারা ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করেন এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন— শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার (৪৮), শাকিল আহমেদ (২৮)। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে বাবা-ছেলে। 

পুলিশের বরাতে জানা গেছে, গ্রেফতার শাকিল আহমেদ একসময় ওই বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তিনিই জনতাকে ‘এখানে ২০০-৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে’ বলে উসকানি দেন, যার ফলে এই হামলা ও তল্লাশি চালানো হয়। 

এর আগে, গত পরশু রাত সাড়ে ১০টার দিকে একই অজুহাতে একদল লোক গুলশানের ওই বাসায় ঢোকার চেষ্টা করে। তবে সেসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের সরিয়ে দেয়।

এলএনডি/এসএইচ

TAGGED:
শেয়ার করুন