হবিগঞ্জের বাহুবল উপজেলা জামায়াতে ইসলামির সাবেক সেক্রেটারি আব্দুল আহাদের স্ত্রী স্কুল শিক্ষিকা মিনারা খাতুন (৩৫) কে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল আহাদ শুক্রবার দিনব্যাপী হবিগঞ্জ জেলা সদরে অবস্থান করছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি স্ত্রী মিনারার রক্তাক্ত মরদেহ ঘরে পড়ে থাকতে দেখেন। পরে বাহুবল মডেল থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
আব্দুল আহাদ বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামের বাসিন্দা হলেও, তিনি প্রায় ছয় মাস ধরে পশ্চিম জয়পুরে নতুন বাড়িতে বসবাস করছিলেন। নিহত মিনারা ও তার স্বামীর সংসারে নবম শ্রেণির এক মেয়ে এবং ছয় মাসের একটি শিশুকন্যা রয়েছে। ঘটনার সময় শুধু মেয়ে হোসনা ও শিশুকন্যা বাড়িতে উপস্থিত ছিল।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, “হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।”
লিবার্টি/তারিক






