সম্প্রতি নানা ঘটনায় আলোচনায় থাকা মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধের ভিত্তিতে আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিএমপির কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, আতাউর রহমান বিক্রমপুরীর বিরুদ্ধে তিন মাসের একটি ডিটেনশন আদেশ রয়েছে। সে কারণেই জিএমপির পক্ষ থেকে তাকে গ্রেপ্তারের অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধ অনুযায়ী মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রথমে তাকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। এরপর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে টঙ্গী পূর্ব থানা থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এদিকে, মঙ্গলবার রাত থেকেই আতাউর রহমান বিক্রমপুরীর গ্রেপ্তার নিয়ে তার ভক্ত ও অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা মন্তব্য ও পোস্ট দিতে থাকেন। তাদের দাবি, ভৈরব থেকে ঢাকাগামী একটি বাসে করে আসার সময় বাস থামিয়ে তাকে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।
এলএনডি/এমআর






