নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ইসরাত রায়হান অমি নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে হাতিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ইসরাত রায়হান অমি হাতিয়ার সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, ফেসবুকে উসকানিমূলক মন্তব্য ও হত্যার হুমকি ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসউদের পক্ষে হাতিয়া জাতীয় নাগরিক পার্টির সভাপতি সামসুদ্দিন ব্রিজ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ‘রুপক নন্দী’ নামে একটি ফেসবুক আইডি থেকে আব্দুল হান্নান মাসউদকে লক্ষ্য করে একটি হুমকিমূলক পোস্ট দেওয়া হয়। ভাইরাল হওয়া ওই পোস্টে লেখা ছিল— “হান্নান, আগুন নিয়ে খেলা কোরো না, পরে পস্তাতে হবে।”
পোস্টে আরও উল্লেখ করা হয়, সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদকে গ্রেপ্তার করা হলে হান্নান মাসউদের হাতিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হবে।
এছাড়াও অভিযোগ রয়েছে, ইসরাত রায়হান অমি এনসিপির এক কর্মীকে মেসেঞ্জারের মাধ্যমে উসকানিমূলক বার্তা পাঠিয়ে দলের নেতাকর্মীদের চলাচলে বাধা দেওয়ার হুমকি দেন।
এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে এনসিপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাতিয়া থানায় গিয়ে শেষ হয়। সেখানে দ্রুত হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং হুমকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
এলএনডি/এমআর






