ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারসহ একজনকে আটক করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযানে দুটি বিদেশি পিস্তল, ৪১ রাউন্ড পিস্তলের গুলি, দুটি ম্যাগাজিন এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় মো. ফয়সাল (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আমিনুল হকের ছেলে। তার স্থায়ী ঠিকানা বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শিবপুর এলাকায়। বর্তমানে তিনি নরসিংদী মডেল থানার শাপলা চত্বর সংলগ্ন হাফেজ মিয়ার বাড়িতে বসবাস করছিলেন।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল নরসিংদী সদর থানার তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়া বিলে অভিযান চালায়। অভিযানের সময় পানির ভেতর থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে উদ্ধার করা অস্ত্রগুলো ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এলএনডি/এমআর






