অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্ট তৎপরতা দমনের লক্ষ্যে যৌথবাহিনী দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ নামে বিশেষ অভিযান পরিচালনা করছে। গত শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অভিযানে চার দিনে মোট ২ হাজার ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে ১২টি আগ্নেয়াস্ত্র।
জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে এই অভিযান চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নির্বাচনের আগে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসী ও ফ্যাসিস্ট তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
সে অনুযায়ী শনিবার রাত থেকেই পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ শুরু হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, শনিবার রাত থেকে সোমবার পর্যন্ত অভিযানে ২ হাজার ৪৩৩ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় এই অভিযানে ৮২৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনটি এলজি, একটি দেশীয় ওয়ান শুটার গান, রাইফেলের ৮ রাউন্ড গুলি, পিস্তলের ৪ রাউন্ড গুলি, ৩ রাউন্ড কার্তুজ এবং দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
এলএনডি/এমআর






