বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণ পাড়া এলাকায় একটি ক্রিকেট টুর্নামেন্টে আমন্ত্রণ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে গুলি করার চেষ্টা করেন ফেরদৌস কবির সনি (২৬) নামে এক যুবক। পরে স্থানীয়রা তাকে একটি পিস্তলসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি ঘটে সোমবার রাত পৌনে ১২টার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘বেজোড়া যুব সংঘ’ নামে একটি সামাজিক সংগঠন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল। সংগঠনের সদস্য রুবেল হোসেন জানান, দাওয়াত না পাওয়ায় সনি প্রথমে গিয়ে সাউন্ড সিস্টেম ভাঙচুর শুরু করেন। উপস্থিত লোকজন তাকে থামাতে গেলে তিনি বাড়িতে ফিরে গিয়ে একটি পিস্তল হাতে আবার ঘটনাস্থলে আসেন এবং গুলি চালানোর চেষ্টা করেন।
সেই সময় এলাকাবাসী তাকে আটক করে এবং কিছুটা পিটুনি দেয়। পরে খবর পেয়ে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ১২টার দিকে সনিকে পিস্তলসহ থানায় নিয়ে যায়।
কৈগাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু সুফিয়ান জানান, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি পরীক্ষা করে দেখা হয়েছে—সেটি আসলে একটি খেলনা পিস্তল ছিল।
এলএনডি/এমআর






