সিলেটে সিআইডির একজন কর্মকর্তাকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যাওয়া সাইবার মামলার আসামি ও ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী রহিম উদ্দিন রাজু (৩৩) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল চারটার দিকে নগরীর মজুমদারি এলাকার সৈয়দ বাড়ীস্থ একটি মেস থেকে তাকে আটক করা হয়।
রহিম উদ্দিন রাজুর বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার পশ্চিম কোনাগ্রামে। তিনি টিলাগড় শাপলাবাগ এলাকায় ভাড়া থাকতেন এবং নিজেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলে পরিচয় দিতেন।
সিলেট সিআইডির বিশেষ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিআইজি ড. মো. আল মামুনুল আনসারী জানান, রাজু সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলার পলাতক আসামি ছিলেন। সোমবার রাত ৯টার দিকে সিআইডির তদন্ত কর্মকর্তা খোরশেদ আলম সাগরদিঘীরপাড় এলাকায় তাকে ধরতে গেলে রাজু হঠাৎ ছুরি নিয়ে আক্রমণ করে পালিয়ে যান। এতে কর্মকর্তার বাম বগলের নিচে প্রায় তিন ইঞ্চি গভীর জখম হয়। অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
এর পরপরই কোতোয়ালী ও এয়ারপোর্ট থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করে। আটক করার সময় তার কাছে একটি ভিজিটিং কার্ড পাওয়া যায়, যেখানে ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য হিসেবে পরিচয় উল্লেখ ছিল।
সিআইডি সিলেটের বিশেষ পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানিয়েছেন, সাইবার সুরক্ষা আইনসহ বিভিন্ন অভিযোগে রাজুর বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা রয়েছে।
এলএনডি/এমআর






