চট্টগ্রামে অপহরণের অভিযোগে মাত্র ৭ বছরের এক শিশুকে আদালতে পাঠিয়েছে পুলিশ—যা জনমনে বিস্ময় সৃষ্টি করেছে। গত শুক্রবার নগরীর ষোলশহর এলাকা থেকে ওই শিশু ও তার মাকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ।
রোববার বিষয়টি সামনে আসার পর আদালত ও নগর পুলিশে আলোড়ন সৃষ্টি হয়। বর্তমানে শিশুটি গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)–এ রয়েছে।
পুলিশ জানায়, গত ১৩ এপ্রিল আনোয়ারা বেগম নামের এক নারী চিকিৎসার জন্য বড় সন্তানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সঙ্গে থাকা চার বছরের শিশু রামিম হারিয়ে যায়। দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে সাত মাস পর আনোয়ারা অপহরণের অভিযোগে পাঁচলাইশ থানায় মামলা করেন। মামলায় অভিযুক্ত করা হয় ৭ বছরের ওই শিশু ও তার ৩০ বছর বয়সী মাকে।
অভিযোগে উল্লেখ করা হয়, হাসপাতালের বারান্দা থেকে খেলার প্রলোভন দেখিয়ে রামিমকে নিয়ে যায় অভিযুক্ত শিশুটি ও তার মা। মামলা দায়েরের পর পুলিশ সেদিনই মা–ছেলেকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত মাকে কারাগারে এবং শিশুটিকে শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেয়।
তবে আদালত সূত্র জানায়, শিশু আইনে ৯ বছরের কম বয়সী কোনো শিশু অপরাধের দায়ে অভিযুক্ত হতে পারে না। বিষয়টি জানা গেলে রাষ্ট্রপক্ষ রোববার শিশুটির জামিন আবেদন করে, যা আদালত মঞ্জুর করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (পিআর) আমিনুর রশিদ বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলএনডি/এমআর






