সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের কাজের আড়ালে প্রায় ২৪ কোটি টাকার ক্ষতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৭ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, দুদক কখনো ব্যক্তির পদ-পদবি বিবেচনা করে অনুসন্ধান করে না; অভিযোগের ভিত্তি ও গ্রহণযোগ্যতাই মূল বিষয়।
রাজধানীর নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে তিনতলা ডুপ্লেক্স বাড়ির মালিক আবদুল হামিদ। রাষ্ট্রপতির দায়িত্ব শেষ হওয়ার পর ২০২৩ সালের এপ্রিলে তিনি পরিবারের সঙ্গে এ বাড়িতে ওঠেন।
অভিযোগে বলা হয়েছে, তার বাড়ির উভয় পাশের পথে হাঁটার সুবিধা কমিয়ে দেওয়া, নান্দনিক ডেক ও ঝুলন্ত সেতু নির্মাণ এবং খালসংলগ্ন এলাকায় অত্যাধুনিক ল্যাম্পপোস্ট বসানোর মতো কাজের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের বড় অঙ্কের ক্ষতি হয়েছে।
এলএনডি/এমআর






