মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল সরকারকে ধর্ম অবমাননার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোররাতে মাদারীপুরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের সময় তাকে আটক করা হয়।
জানা গেছে, গত ৪ অক্টোবর ঘিওর উপজেলার এক অনুষ্ঠানে ধর্মীয় বিষয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, তিনি ইসলামের আসমানি গ্রন্থ ও আল্লাহর সৃষ্টিকর্ম নিয়ে এমন কিছু মন্তব্য করেন যা উপস্থিত মুসল্লিদের তীব্র ক্ষোভের সৃষ্টি করে। অভিযোগে আরও বলা হয়েছে, তিনি আল্লাহর সৃষ্টির ব্যাখ্যায় ‘আগা-মাথা মেলে না’ বলে মন্তব্য করেন এবং আয়াতের ভুল তর্জমা ও বিভ্রান্তিকর ব্যাখ্যা দেন। ওই ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার সকাল থেকে মানিকগঞ্জ আদালত চত্বরে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে আলেম ও ধর্মপ্রাণ মানুষ অভিযোগ করেন, আবুল সরকার নিয়মিতভাবে কোরআনের আয়াত ভুলভাবে পড়েন এবং নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে অনুসারীদের ভুল পথে পরিচালিত করেন। তারা দাবি করেন, নিজেকে পীর পরিচয় দিয়ে তিনি ধর্মীয় বিভ্রান্তি ছড়াচ্ছেন।
মাহফিলে মাওলানা শেখ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা আমির মুফতি শাহ সাঈদ নূরসহ অন্য আলেমরা।
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবুল সরকারকে দ্রুত গ্রেপ্তারের দাবি জোরাল হয়। অবশেষে ডিবি পুলিশ মাদারীপুর থেকে তাকে আটক করে মানিকগঞ্জে নিয়ে আসে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ইসলাম অবমাননার অভিযোগে ঘিওর থানায় একটি মামলা দায়ের হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিকেল ৪টার দিকে আদালতে পাঠানো হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এলএনডি/এমআর






