বিদেশি পিস্তল, ৬০ রাউন্ড গুলি ও মাদকসহ ৩ জন গ্রেপ্তার

Liberty News Desk
ছবি : সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার কদমতলী থানার শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশে ভাঙারি বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, বিপুল গুলি ও বিভিন্ন ধরনের মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি কর্মকর্তাদের দাবি, এই চক্রের সদস্যরা মাদক ব্যবসা টিকিয়ে রাখতে নিয়মিত অস্ত্র ব্যবহার করতেন এবং এলাকায় এমন ভীতি সৃষ্টি করেছিলেন যে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জাহাঙ্গীর আলম টিটু (৩৬), আব্দুর রাজ্জাক শানু (৩৮) ও মামুন (৩৭)।

অভিযানের সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা এবং প্রায় সাড়ে আট কেজি গাঁজা জব্দ করা হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে ডিবি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমীর খসরু এসব তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, “গ্রেপ্তার তিনজন এই অঞ্চলের পরিচিত সন্ত্রাসী ও মাদককারবারি। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে তারা অস্ত্র ব্যবহার করত। তাদের আস্তানা থেকে যে মাদক উদ্ধার হয়েছে, তা পাইকারি বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।”

ডিসি আরও জানান, অস্ত্রগুলো কোন ব্যবহারের জন্য রাখা হয়েছিল এবং এগুলো কোথা থেকে এসেছে—তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুট হওয়ার ঘটনা আছে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর সঙ্গে সেই ঘটনার কোনো সংযোগ রয়েছে কি না, তা আমরা যাচাই করছি।”

তিনি আরও বলেন, “এই চক্রের সঙ্গে বহুজন যুক্ত ছিল। কেউ ব্যবসা ছেড়ে যেতে চাইলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো। এমন ভুক্তভোগীও আমরা পেয়েছি।”

সাম্প্রতিক সময়ের অপরাধ পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, “ঢাকায় সাম্প্রতিক যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, গোয়েন্দা পুলিশ প্রায় সব ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে এবং সংশ্লিষ্ট অস্ত্রও উদ্ধার করেছে।”

ডিবি জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। নতুন করে কদমতলী থানায় আরও দুটি মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন