জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা হবে আগামী সোমবার (১৭ নভেম্বর)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টা ৯ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের তারিখ নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন এই মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক অবস্থায় থাকছেন, আর চৌধুরী মামুন কারাগারে রয়েছেন।
এর আগে, ২৩ অক্টোবর মামলার বিচারকাজ শেষে ট্রাইব্যুনাল রায়ের তারিখ ঘোষণা করার জন্য আজকের দিন ধার্য করেছিলেন। সেই সময় ট্রাইব্যুনাল জানিয়েছিল, রায়ের তারিখ অল্প সময়ের মধ্যে জানানো হবে।
শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সেনাসদরে চিঠি পাঠানোর পর সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এলএনডি/এমআর






