রাজধানীর পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত মামুন হত্যা মামলায় দুই শুটারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে ডিবি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মামুন হত্যায় ব্যবহৃত দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সরাসরি জড়িত দুই শ্যুটারসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ডিবি জানায়, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বুধবার সংবাদ ব্রিফিং করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের সামনে পুরো ঘটনা তুলে ধরবেন।
উল্লেখ্য, সোমবার দুপুরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মামুন। তিনি আদালতে হাজিরা শেষে বের হচ্ছিলেন বলে জানা যায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মামুন দ্রুত হাসপাতালের ভেতরে দৌড়ে ঢোকার চেষ্টা করছেন। ঠিক তখনই পিছন দিক থেকে মুখোশধারী দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে এবং পরে দ্রুত স্থান ত্যাগ করে।
এলএনডি/এমআর






