জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট করা স্বর্ণালংকার, নগদ টাকা, অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন— খুলনার রূপসা উপজেলার ইলাইপুর উত্তরপাড়া গ্রামের মজনু ফরাজির ছেলে রুবেল ফরাজি, গ্যালাক্সি মোড় এলাকার দ্বীন ইসলামের ছেলে সোহেল আবিদ, ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকবাড়ির প্রয়াত আব্দুর রব মল্লিকের ছেলে জাহিদ হাসান এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের শামসুদ্দীনের ছেলে কামরুল ইসলাম।
পুলিশ সুপার জানান, গত ৪ সেপ্টেম্বর আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতরা পরিবারের সদস্যদের বেঁধে স্বর্ণালংকার ও টাকা লুট করে। এছাড়া আক্কেলপুরের জামালগঞ্জ বাজারের এক ব্যবসায়ী ও কালাই উপজেলার এক শিক্ষকের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় থানায় পৃথক মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে।
পরবর্তীতে জয়পুরহাট ডিবি পুলিশের একটি দল ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার, অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
এলএনডি/এমআর






