ফেনীর সোনাগাজীতে পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারি গ্রামের ফয়সল কলোনিতে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মামুন হোসেন, তার স্ত্রী, শাশুড়িসহ চারজনকে আটক করেছে পুলিশ বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি সাইফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জমাদার বাজার এলাকার চা বিক্রেতা জামশেদ আলমের সঙ্গে একই এলাকার ভাড়াটিয়া মামুন হোসেনের স্ত্রীর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানার পর চর সাহাভিকারি গ্রামের মো. মোস্তফার ছেলে সুজন (২৫) তাদের কিছু ছবি ও ভিডিও সংগ্রহ করেন।
রোববার রাতে সুজন ওই ছবি ও ভিডিও নিয়ে মামুনের বাসায় যান। এ সময় বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা হলে মামুন হোসেন (৩৩), তার স্ত্রী আছমা বেগম (২৪) এবং শাশুড়ি লিপি আক্তার (৪০) ধারালো অস্ত্র দিয়ে সুজনের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে নিহতের পরিবার জানায়।
মামুনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌপাল্লি গ্রামে।
ওসি সাইফুল ইসলাম জানান, নিহতের মা রহিমা বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার চার আসামিকে গ্রেপ্তার করে।
এলএনডি/এমআর






