রাজধানীর রায়ের বাজার এলাকায় ছিনতাইয়ের সময় পাঁয়তারা শাহিনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে পাঁয়তারা শাহিন (২৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি হবিগঞ্জ জেলার শিবপুর এলাকার বাসিন্দা। বর্তমানে রায়ের বাজারের প্রেমতলা গলির মমতাজের বাড়িতে ভাড়া থাকতেন।
রায়ের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান জানান, “গোপন তথ্যের ভিত্তিতে রাত সোয়া ৯টার দিকে জানতে পারি, এক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে মার্কেটের সামনে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে পাঁয়তারা শাহিনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “গ্রেপ্তার শাহিনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাও জারি আছে। তাকে শিগগির আদালতে পাঠানো হবে।”
এলএনডি/এমআর






