‘ক্যাসিনো সম্রাট’ ইসমাইল চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ড

Liberty News Desk
ছবি : সংগৃহীত

অস্ত্র আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, যিনি ‘ক্যাসিনো সম্রাট’ নামে পরিচিত, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন।

২০১৯ সালের ৬ অক্টোবর, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে র‍্যাব সম্রাটকে গ্রেফতার করে। পরে তাকে নিয়ে রাজধানীর কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, আগ্নেয়াস্ত্র ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়।

ঘটনার পর বন্যপ্রাণীর চামড়া রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করে। পরদিন (৭ অক্টোবর) র‍্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর, মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক আদালতে অস্ত্র মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

চলতি বছরের ১৬ জানুয়ারি, সম্রাটের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। সে সময় আসামি অনুপস্থিত থাকায় আদালত তার জামিন বাতিল করে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বিচার প্রক্রিয়ায় ১৪ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এরপর গত ৭ অক্টোবর, যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য আজকের দিন (২৮ অক্টোবর) নির্ধারণ করে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন