সুন্দরবনের কুখ্যাত রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখকে (৪৮) অস্ত্র ও গুলিসহ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে কোস্টগার্ডের স্বাধীন বাংলা বেইসের নেভিগেটিং কর্মকর্তা লে. মো. খালিদ সাইফুল্লাহ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শিবসা নদীর তীরবর্তী কালাবগি এলাকায় রাঙ্গা বাহিনীর উপস্থিতির খবর পেয়ে সকাল ৬টার দিকে কোস্টগার্ড মোংলা বেইসের সদস্যরা অভিযান চালায়। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে বাহিনীর প্রধান নজরুল শেখকে দুইটি একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলিসহ আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে, বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল শেখ স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে তার বাহিনী নিয়ে ডাকাতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। গত ৩১ জুলাই তারা জঙ্গলবাড়ি ও বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি পাঠিয়েছিলেন, যার পর থেকেই কোস্টগার্ড তাদের ধরতে অভিযান চালাচ্ছিল।
এর আগে গত ১২ সেপ্টেম্বর রাঙ্গা বাহিনীর আরও দুই সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করে কোস্টগার্ড, এবং সেই অভিযানে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়।
এলএনডি/এমআর






