দেশের ইতিহাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলায় পলাতক আসামিদের আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে গুম-নির্যাতনসংক্রান্ত দুটি মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
সকালের শুনানিতে তিন মামলার আনুষ্ঠানিক অভিযোগ নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, “মোট ১৫ আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে ১০ জনকে গুম ও নির্যাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।”
এ ছাড়া পলাতক আসামিদের হাজিরার জন্য দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী সাত দিনের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে।
অন্যদিকে, জুলাই–আগস্টের সহিংসতা-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। পলাতক দুই আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়ে ৫ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
প্রসিকিউশন জানায়, গত ৮ অক্টোবর এসব মামলায় মোট ৩৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। পরবর্তীতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে শুনানির দিন নির্ধারণ করে।
এলএনডি/এমআর






