রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালেক (৪৬), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হাসান উদ্দীন জামাল (৪২), শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আফজাল খান সুমন (৪২) এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম বেপারী নয়ন (৪৩)।
ডিবি জানায়, শনিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সালেককে আটক করা হয়। একই দিনে বিকেল ৫টার দিকে কদমতলীর মেরাজনগর থেকে হাসান উদ্দীন জামাল, সন্ধ্যা ৬টার দিকে পূর্ব রাজাবাজার থেকে আফজাল খান সুমন এবং রাত ৯টার দিকে ওয়ারী এলাকা থেকে আব্দুস সালাম বেপারী নয়নকে গ্রেপ্তার করে ডিবির বিভিন্ন টিম।
তালেবুর রহমান বলেন, “নাশকতার পরিকল্পনার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
এলএনডি/এমআর






