‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ : ৪ মামলায় আসামি ৯০০ জন

Liberty News Desk
ছবি : সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। সবগুলো মামলাই শেরেবাংলা নগর থানায় হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) ডিএমপির শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।

থানা সূত্রে জানা গেছে, চারটি মামলার মধ্যে একটি করেছেন এক ট্রাফিক সার্জেন্ট, আর বাকি তিনটির বাদী শেরেবাংলা নগর থানা পুলিশ। সব মামলাতেই আসামিরা অজ্ঞাত পরিচয়ের। আনুমানিক ৮০০ থেকে ৯০০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে থাকা একদল বিক্ষোভকারী তাদের তিনটি দাবি জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবিতে মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান নেন। দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীদের একটি অংশ আগে থেকেই সংসদ ভবনের সামনে অবস্থান করছিল, পরে অন্য একটি দল সেখানে যোগ দিলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করে, এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও চেয়ার ছোড়ে। পাল্টা ব্যবস্থা হিসেবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গের চেষ্টা করে। আন্দোলনকারীরাও সড়কে আগুন জ্বালিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভ চালিয়ে যায়। এ সময় পুলিশের কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং উভয় পক্ষের কয়েকজন আহত হন বলে জানা গেছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন