জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) শেষ হচ্ছে।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশন তাদের চূড়ান্ত যুক্তি তুলে ধরবে। এরপর আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শেখ হাসিনার পক্ষে পাল্টা যুক্তি উপস্থাপন করবেন। পরে প্রসিকিউশন আবার যুক্তি খণ্ডনের সুযোগ পাবে। সব প্রক্রিয়া শেষ হলে আদালত রায়ের দিন ঘোষণা করবেন।
এ পর্যন্ত রাষ্ট্রপক্ষ সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ, ফোনালাপ (যার মধ্যে শেখ হাসিনা, হাসানুল হক ইনু, সাবেক মেয়র ব্যারিস্টার তাপস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক উপাচার্যের কথোপকথন অন্তর্ভুক্ত), বিভিন্ন ভিডিওচিত্র, সংবাদ প্রতিবেদন ও অন্যান্য প্রমাণ উপস্থাপন করেছে।
এদিকে, আজ একই দিনে ট্রাইব্যুনাল-১–এ চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ আজ আশুলিয়ায় ছয়টি মরদেহ পোড়ানোর ঘটনায় করা মামলার সাক্ষ্যগ্রহণের কার্যক্রমও চলবে।
এলএনডি/এমআর






