নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, বুধবার রাতে রাজধানী থেকে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।
এদিকে, রাজধানীর বাড্ডা ও শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্য (৪০) এবং ছাত্রলীগের কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আমির হামজা (২৮)।
সিটিটিসির সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটায় বাড্ডায় অভিযান চালিয়ে লাবণ্যকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি ও তার স্বামী চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। বিষয়টি নিয়ে গত বছর ২৭ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল।
একই দিনে, দুপুর ২টা ২৫ মিনিটে সিটি সাইবার ক্রাইম ইউনিটের একটি দল শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা আমির হামজাকে গ্রেপ্তার করে। জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর তিনি আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে সংগঠনের একটি বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন এবং তা সরাসরি ফেসবুকে সম্প্রচার করেছিলেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এলএনডি/এমআর






