সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা রাজধানীর গুলশান থানার এক মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৮ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
এর আগে আসামির উপস্থিতিতে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান জোনাল টিমের পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী ওবাইদুল ইসলাম জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের অনুমতি নিয়ে অজয় কর বলেন, “আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় কখনো কোনো অপরাধে জড়াইনি। আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। এত বছরেও আমার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। জুলাইয়ের আন্দোলনের সময় আমি বাসায় ছিলাম, বাইরে যাইনি। আমি আওয়ামী লীগের কোনো পদে ছিলাম না। শুধু নির্বাচনে মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু পাইনি। আমি বর্তমানে অসুস্থ।”
গত ২৩ সেপ্টেম্বর রাতে গুলশান এলাকা থেকে অজয় করকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২২ এপ্রিল গুলশান থানাধীন জব্বার টাওয়ারের পাশে ৩০-৩৫ জন ব্যক্তি সমবেত হন। ওই সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী দেশবিরোধী স্লোগান দেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় একই দিন সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, অজয় কর খোকন ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, তবে পাননি।
এলএনডি/এমআর






