ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দুই দিন পর স্বতন্ত্র সহসভাপতি (ভিপি) প্রার্থী জালাল আহমদকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম জিয়াদুর রহমান রুমমেটকে হত্যাচেষ্টার মামলায় তার জামিনের আদেশ দেন।
জালালের আইনজীবী রফিকুল ইসলাম হিমেল শুনানিতে বলেন, ‘আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। কথিত ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। আগামী ১৯ সেপ্টেম্বর তার বিসিএস পরীক্ষা রয়েছে। পরীক্ষায় অংশ নিতে যেকোনো শর্তে তার জামিন প্রার্থনা করছি।’
মামলার এজাহার অনুযায়ী, জালাল আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে একই বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউল হকের সঙ্গে থাকতেন। অভিযোগ রয়েছে, সিনিয়র হওয়ায় জালাল প্রায়ই রবিউলকে শারীরিক ও মানসিকভাবে হয়রানি করতেন।
গত ২৬ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে এক পর্যায়ে কক্ষে প্রবেশ করে তিনি চেয়ারে শব্দ করতে থাকেন। এতে রবিউলের ঘুম ভেঙে গেলে তিনি শান্ত থাকার অনুরোধ করেন। এসময় কথাকাটাকাটির জেরে জালাল হঠাৎ রবিউলকে কাঠের চেয়ার দিয়ে মাথায় আঘাত করেন। এতে রবিউল আহত হন। পরে তিনি ভাঙা টিউব লাইট দিয়েও রবিউলকে আঘাতের চেষ্টা করেন। আঘাত মাথায় না লেগে বুকে লাগায় রবিউল গুরুতর জখম হন।
পরে অন্য শিক্ষার্থীরা রবিউলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর জালালকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় মুহসীন হলের প্রাধ্যক্ষ সিরাজুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। গত ২৭ আগস্ট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
এলএনডি/এমআর






