জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে নিহত আসাদুল হক বাবু হত্যা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে তাকে সিএমএম কোর্টের হাজতখানায় আনা হয়। পরে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তদন্তের স্বার্থে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান তৌহিদ আফ্রিদির সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি।
এদিকে একই মামলায় গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তাকে তিন দিনের রিমান্ডে দেন। রিমান্ড শেষে ২৩ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার তথ্য অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৩ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে সড়কে আন্দোলনে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান মো. আসাদুল হক বাবু। পরে নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়।
এজাহারে নাসির উদ্দিনকে ২২ নম্বর আসামি ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এলএনডি/এমআর






