জুলাই আন্দোলনের সময় করা পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখিয়েছে আদালত। একইসঙ্গে রাষ্ট্রদ্রোহ ও ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির দায়ের করা শেরেবাংলা নগর থানার মামলায় নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমেদকেও গ্রেফতার দেখানোর আবেদন গ্রহণ করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) ঢাকার মহানগর হাকিম মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন। আনিসুল হকের বিরুদ্ধে করা দুই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল ফারেজ জুয়েল।
অন্যদিকে, হেলালুদ্দীন আহমেদকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান।
এর আগে আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন। সোমবার শুনানিকালে তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করা হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
এলএনডি/এমআর






