বিশেষ অভিযানে জাল টাকার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মো. মিজানুর রহমান ওরফে মিলন (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মিরপুরের কল্যাণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১ হাজার টাকার ১৪টি, ১০০ টাকার ১৮টি ও ২০ টাকার ৬টি জাল নোট উদ্ধার করা হয়।
বুধবার (৬ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, “মিরপুরে অভিযান চালিয়ে থানা পুলিশের একটি দল মিজানুরকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একটি অফিস থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কালো রঙের ক্যানন প্রিন্টার উদ্ধার করা হয়।”
ঘটনার পর মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তালেবুর রহমান আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনি কার্যক্রম চলমান।
এলএনডি/এমআর






