রায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ৭ দিনের রিমান্ডে নিতে অনুমতি দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার (৩০ জুলাই) সকালে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে, ২৪ জুলাই সকাল ৮টার পর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয় বলে জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
মামলাটি শাহবাগ থানায় গত বছর দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, বিচারক হিসেবে দায়িত্ব পালনের সময় খায়রুল হক ‘বিদ্বেষপূর্ণভাবে ও দুর্নীতির মাধ্যমে’ একটি রায় প্রদান করেন এবং রায়ের কপি জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করেন। তার দেওয়া ওই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের সাংবিধানিক ভারসাম্য নষ্ট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
দেশের ১৯তম প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর শপথ নেন এবং ২০১১ সালের ১৭ মে ৬৭ বছর পূর্ণ করে অবসরে যান। বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি সংবিধানের পঞ্চম, সপ্তম ও ত্রয়োদশ সংশোধনী বাতিলসহ একাধিক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রায় দেন, যা দীর্ঘদিন ধরে বিতর্কের জন্ম দিয়েছে।
বিচারপতি খায়রুল হক অবসরোত্তর সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে আইন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর, ১৩ আগস্ট তিনি পদত্যাগ করেন। এরপর থেকেই তিনি জনসমক্ষে অনুপস্থিত ছিলেন।
তার বিচারিক ক্যারিয়ারজুড়েই বিতর্ক পিছু ছাড়েনি। বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেওয়া, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অপসারণে সরকারের সিদ্ধান্ত বৈধ ঘোষণা, এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে আদেশ—এসব সিদ্ধান্ত জনমনে নানা প্রশ্নের জন্ম দেয়।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






