জোড়া খুনের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

Liberty News Desk
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রী ও শাশুড়িকে হত্যার দায়ে মো. কাউসার ফকির (৩৩) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত কাউসার ফকির বরগুনার পাথরঘাটা এলাকার বাসিন্দা। ঘটনার সময় তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ভাড়া থাকতেন এবং একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বিচার শেষে আদালত কাউসারকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, কাউসার ফকির তার স্ত্রী শারমিন আক্তার লাভলীর সঙ্গে কাঁচপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি তার শাশুড়ি রাশিদা বেগম ও শ্যালক ইমদাদুল হক মেয়ের বাসায় বেড়াতে আসেন। দুপুরে খাওয়ার পর ইমদাদুল বাইরে বেড়াতে গেলে কাউসার ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এসময় রাশিদা বেগম মেয়ের পক্ষ নিয়ে প্রতিবাদ করলে কাউসার ক্ষিপ্ত হয়ে উঠেন।

সন্ধ্যায় ঘরের দরজা-জানালা বন্ধ করে কাউসার প্রথমে স্ত্রীর ওপর এলোপাতাড়ি দা দিয়ে কোপাতে থাকেন। শাশুড়ি বাধা দিতে গেলে তাকেও কোপানো হয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পরবর্তীতে নিহতের ভাই ইমদাদুল হক সোনারগাঁ থানায় মামলা করেন। বিচার প্রক্রিয়া শেষে আদালত আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেন।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন