সচিবালয়ে হামলা-ভাঙচুর: ১২০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর, হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্তদের মধ্যে বিভিন্ন কলেজের অজ্ঞাতপরিচয় শিক্ষার্থী ও কিছু স্বার্থান্বেষী দুষ্কৃতকারী জড়িত।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক (এসআই) গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।

বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করেন এবং মামলার তদন্তভার সংশ্লিষ্ট থানাকে দিয়ে আগামী ২৮ আগস্ট-এর মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে:
ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মাইলস্টোন ট্র্যাজেডির প্রেক্ষিতে এইচএসসি পরীক্ষার স্থগিতাদেশসহ নানা দাবিতে প্রথমে শিক্ষা বোর্ড ও পরে শিক্ষা ভবনের দিকে মিছিল করেন। পরে সেখান থেকে সচিবালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন তারা। আন্দোলন চলাকালে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের সচিবালয়ে প্রবেশে নিষেধ করা হলেও তারা পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে এবং মূল ফটকে হামলা চালায়। বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনী—পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ও লাঠিসোঁটা দিয়ে আঘাত করে। এতে অনেকে আহত হন এবং সরকারি গাড়ি ও স্থাপনায় ভাঙচুর চালানো হয়।

পুলিশ এই ঘটনাকে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হিসেবে বিবেচনা করছে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন