নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্ত্রী শান্তা আক্তারকে হত্যার দায়ে স্বামী আমিরুল ইসলাম ওরফে বাবুকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আমিরুল ইসলাম নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারুদী এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি বন্দর গার্লস স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। নিহত শান্তা আক্তার একই উপজেলার বারদি গ্রামের মো. করিম মোল্লার মেয়ে।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২০ সালে পারিবারিক কলহের জেরে শান্তাকে নির্মমভাবে হত্যা করেন আমিরুল। ঘটনার পর নিহতের পরিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে চার্জশিট দেয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আজ আদালত দোষী সাব্যস্ত করে আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, পারিবারিক অশান্তির জের ধরে শান্তাকে নির্মমভাবে হত্যা করেন আমিরুল।
আদালতে দেওয়া স্বীকারোক্তিতে তিনি বলেন, স্ত্রীকে প্রথমে শিলপাটা দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। এরপর মাছ কাটার বঁটি দিয়ে শরীরের বিভিন্ন অংশের চামড়া তুলে লবণ লাগিয়ে দেন।
ঘটনার পর শান্তার বাবা মো. করিম মোল্লা বাদী হয়ে মামলা করেন। মামলার বিচার শেষে আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে সর্বোচ্চ সাজা দেন।
২০১৭ সালে শান্তা ও আমিরুলের প্রথম বিয়ে হয়। পারিবারিক কলহে ২০১৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর শান্তা অন্যত্র বিয়ে করেন এবং সাত মাস সেখানে সংসার করেন। পরে আমিরুল ফুসলিয়ে পুনরায় শান্তাকে বিয়ে করেন এবং বন্দরের রাজবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতে শুরু করেন। নতুন সংসার শুরুর মাত্র দুই মাস ৬ দিন পরেই ঘটে এ নির্মম হত্যাকাণ্ড।
রায় ঘোষণার সময় আমিরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। এই মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে শান্তার পরিবার। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে বার্তা দেবে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






