লোডশেডিংয়ের সময় কাঠগড়া থেকে আসামির পলায়ন

Liberty News Desk
ফাইল ছবি

নরসিংদীতে কাঠগড়া থেকে চুরির মামলায় সন্দেহভাজন এক আসামির পালিয়ে গেছেন। সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার আদালতের কাঠগড়া থেকে তিনি পালিয়ে যান। পালিয়ে যাওয়া আসামি রিয়াজুল ইসলাম হৃদয় (২৫), নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে।

গত ৭ জুলাই একটি অটোরিকশা চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে রিয়াজুলকে গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী কোর্ট পুলিশের ইনচার্জ মো. সাইরুল ইসলাম।

কোর্ট পুলিশ সূত্রে জানা যায়, মামলার শুনানির সময় আদালত প্রাঙ্গণে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) চলছিল। এই সুযোগে হাতকড়া খুলে আদালতের দায়িত্বরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে রিয়াজুল পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বিষয়টি টের পেয়ে আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।

এ বিষয়ে মো. সাইরুল ইসলাম বলেন, ‘ঘটনার সময় এজলাসে লোডশেডিং চলছিল। সেই সুযোগে আসামি হাতকড়া খুলে পালিয়ে যায়। তাকে ধরতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।’

দায়িত্বরত পুলিশের গাফিলতির বিষয়টি স্বীকার করে তিনি আরও বলেন, ‘যে দুই পুলিশ সদস্য আসামি পাহারায় নিয়োজিত ছিলেন, তারা নিশ্চই দায়িত্বে অবহেলা করেছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে।’

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন