মানিকগঞ্জে শিশু ধর্ষণের অপরাধে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

Liberty News Desk
ফাইল ছবি

মানিকগঞ্জ পৌর এলাকায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে। আজ রোববার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আনোয়ারের বাড়ি যশোরের কোতোয়ালি উপজেলার ডাকাতিয়া গ্রামে। তিনি মানিকগঞ্জ পৌর এলাকার পূর্ব দাশড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। রায় ঘোষণার সময় তিনি ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩১ আগস্ট রাতে মানিকগঞ্জ পৌর এলাকায় ভাড়া বাসায় নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন আনোয়ার। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি সেই সময়ে সদর থানার ওসি মো. রকিবুজ্জামান তদন্ত করেন। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি আসামি আনোয়ারের বিরুদ্ধে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্র দেন তিনি। মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) হুমায়ুন কবির। তিনি বলেন, মামলায় সব নথিপত্র এবং সাক্ষীদের দেওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনালের বিচারক আসামি আনোয়ারকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন