প্রবাসীকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Liberty News Desk
Photo-Collected

সৌদি আরব প্রবাসীর কাছ থেকে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

রোববার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে ভুক্তভোগী প্রবাসী সোহরাব হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।   অভিযুক্ত শাহজাহান ভূঁইয়া উপজেলার সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় বসবাস করছেন সৌদি আরব প্রবাসী সোহরাব হোসেন। তার বাড়ির পাশের একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করার জন্য প্রস্তুত করছিলেন। এ ঘটনার পর শাহজাহান ভূঁইয়া ও তার লোকজন ওই প্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় রোববার দুপুরে শাহজাহান ভূঁইয়ার নেতৃত্বে আলিফ ভূঁইয়া ও ফারজানা করিমসহ ১০ থেকে ১২ জনের একটি দল তাকে মারধর করেন। একপর্যায়ে বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া তার হাতে থাকা বন্দুক তাক করে গুলি করে হত্যা করবেন বলে হুমকি দেন। এ সময় ওই প্রবাসীর স্ত্রী ফাহমিদা পারভীন ঘটনাস্থলে এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। 

এ ঘটনায় প্রবাসী সোহরাব হোসেন বাদী হয়ে রাতে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে অভিযুক্ত সাদিপুর ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি শাহজাহান ভূঁইয়া বলেন, পুকুর সংস্কারের নামে আমার গাছপালা কেটে ফেলায় বাধা দিতে গিয়ে আমি মারধরের শিকার হয়েছি। আমার বৈধ বন্দুক পরিষ্কার করার সময় তা কেড়ে নেওয়া হয়। সেটা ফিরিয়ে আনার সময় প্রতিপক্ষের লোকজন গোপনে ছবি তোলে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। 

সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম বলেন, ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি তদন্ত করে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। 

সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলএনডি/এনই

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন