দম্পতির ‘বনিবনা হয়নি’ তাই ঘটককে গাছে বেঁধে মারধর

Liberty News Desk

বিয়ের পর নবদম্পতির মধ্যে ‘বনিবনা না হওয়ায়’ ঘটকের উপর ক্ষোভ ঝাড়লেন কনের পরিবারের সদস্যরা। অভিযোগ উঠেছে, বগুড়ার শেরপুরে মজিবর শেখ (৬৬) নামের এক ঘটককে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। বর্তমানে তিনি শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সূত্রাপুর গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মজিবর শেখ ওই ইউনিয়নের ওমরপাড়া গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় মজিবরের ছোট ভাই নজরুল শেখ শেরপুর থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সাজিদ হাসান সিদ্দিকী জানান, রবিবার রাতে আহত অবস্থায় মজিবর শেখকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন অবস্থার অবনতি হলে তাকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, গত ৯ জুন সূত্রাপুর গোয়ালপাড়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুনের (২০) সঙ্গে শাজাহানপুর উপজেলার ঘাসুরিয়া গ্রামের মো. মুন্নার (২৭) বিয়ে হয়। ঘটক ছিলেন মজিবর শেখ।

হাসপাতেলে শুয়ে মজিবর শেখ সাংবাদিকদের বলেন, “রবিবার সন্ধ্যায় জহুরুল ইসলাম ও তার পরিবারের লোকজন আমাকে বাড়িতে ডেকে নেন। সেখানে মেয়ের দাম্পত্য কলহের জন্য আমাকেই দায়ী করে তারা একটি গাছে বেঁধে ঘণ্টাখানেক মারধর করেন। আমার হাতে, পায়ে ও মাথায় আঘাত করা হয়।”

এ বিষয়ে কনের বাবা জহুরুল ইসলাম বলেন, “বিয়ের দুই দিন পর থেকেই মেয়েকে শ্বশুরবাড়িতে ভালোভাবে নেয়নি বরপক্ষ। অথচ ঘটক মজিবর শেখ বলেছিলেন ছেলের পরিবার ভালো। আমরা রাগের মাথায় তাকে একটু শাসন করেছি।”

অভিযুক্তদের একজনকে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন মজিবরের পরিবার। তার ছেলে মো. সোনাউল্লাহ শেখ বলেন, “আমার বাবা কোনো পেশাদার ঘটক নন। তাকে উপহারের কথা বলে বাড়িতে ডেকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তা অমানবিক।”

শেরপুর থানার উপপরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্তে মারধরের ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এলএনডি/এমআর

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন