রংপুরে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। গৃহবধূ রেজোয়ানা দিল আফরোজ (২৩) শুক্রবার রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তার স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত গৃহবধূর স্বামী, শ্বশুর-শাশুড়ি, ননদ ও তার স্বামীসহ পাঁচজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, তিন বছর আগে রংপুরের মাহিগঞ্জের সরেয়ারতল এলাকার রেজাউলের মেয়ে রেজোয়ানা দিল আফরোজের বিয়ে হয় একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রেজাউল করিমের সঙ্গে। সে সময় বরপক্ষকে ৫ লাখ টাকা যৌতুক দেওয়া হয়েছিল বলে জানিয়েছে গৃহবধূর পরিবার। বিয়ের পর থেকে রেজোয়ানাকে আরোও যৌতুকের জন্য চাপ দিচ্ছিলেন স্বামী। প্রায়ই মারধরসহ নির্যাতনও করা হয়েছে। গত ৫ জুন যৌতুকের জন্য স্বামীসহ পরিবারের সদস্যরা তাকে মারধর করেন। ৮ জুন বিকেলে আসামিরা তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ পরিবারের।
দগ্ধ অবস্থায় প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রেজোয়ানাকে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। তার দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
মামলার বাদী ও নিহত গৃহবধূর বাবা রেজাউল অভিযোগ করে বলেন, যৌতুকের টাকা না দেওয়ায় তার মেয়েকে পুড়িয়ে হত্যা করেছে জামাই। শ্বশুর-শাশুড়ি আগুন নেভাতে না গিয়ে দরজা বন্ধ করে জানিয়ে দেয়, মেয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, ঘটনার পর নিহত গৃহবধূর স্বামী, ননদ ও তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






