চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার (৪ জুন) সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন ওই বিএসএফ সদস্যকে আটক করেন। পরে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে নিজেদের হেফাজতে নেয়।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ জানান, আটককৃত বিএসএফ সদস্যকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়। উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়ার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।
এ বিষয়ে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন বলেন, সকাল আটটার দিকে বিএসএফ সদস্য গণেশ মূর্তি জোহরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে আটক করেন এবং মুহূর্তেই সেখানে জনতা জড়ো হয়ে যায়। পরে বিজিবি এসে তাকে হেফাজতে নেয়।
এলএনডি/ এসএইচ
–
English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/






