উত্তরখান মাষ্টারপাড়া এলাকায় একটি চকলেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটির নাম “ক্র্যাপ প্রোডাকশন”।
রবিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত যৌথভাবে এ অভিযান পরিচালনা করে উত্তরা আর্মি ক্যাম্প, এনএসআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ পুলিশ।
অভিযানে প্রতিষ্ঠানটিতে একাধিক অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে রয়েছে—নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চকলেট উৎপাদন, মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহার, প্যাকেটের গায়ে ভ্রান্ত তথ্য প্রদান, বিএসটিআই মান লঙ্ঘন এবং কর্মীদের স্বাস্থ্যবিধি না মানা।
এছাড়া, কারখানার আশপাশে পোকামাকড়ের উপস্থিতি ও নিরাপদ খাদ্য উৎপাদনের ন্যূনতম মান বজায় না রাখার বিষয়টিও অভিযানে উঠে আসে।
এমন অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে কারখানাটিকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বিএসটিআই পুনরায় অনুমোদন না দেওয়া পর্যন্ত কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এলএনডি/এসএইচ
–
English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/






