ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, নিহত সাম্য ছিলেন ছাত্রদলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই-আগস্ট কর্মসূচিতে তার সাহসী ভূমিকা ছিল।
ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র সাম্য ছিলেন স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে বাইকে ধাক্কা লাগাকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর রাতেই সাম্যের বড় ভাই শাহবাগ থানায় ১০–১২ জনের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে সিসিটিভি ও প্রত্যক্ষদর্শীদের সূত্র ধরে রাজাবাজারসহ বিভিন্ন এলাকা থেকে তামিম হাওলাদার, পলাশ সরদার ও সম্রাট মল্লিককে গ্রেফতার করা হয়েছে। হামলায় আহত হওয়ায় তারা একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন। আরেক অভিযুক্ত পালিয়ে গেছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ছাত্রদলের বিভিন্ন হল শাখা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে। তারা ‘নিরাপদ ক্যাম্পাস আমাদের অধিকার’, ‘ভিসি তুই গদি ছাড়’সহ বিভিন্ন স্লোগান দেয়। এছাড়া উপাচার্যের পদত্যাগ দাবি করে তার বাসভবনের সামনে বিক্ষোভ করেন ছাত্ররা।
সাম্য সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা ছিলেন এবং ঢাবির স্যার এ এফ রহমান হলে ২২২ নম্বর কক্ষে থাকতেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এলএনডি/বিজি
–
English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/






