আব্দুল মোমিন, বগুড়াঃ বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাত ঘটানোর অভিযোগে আলোচিত ইউটিউবার ও সমাজচিত্রের আলোচিত চরিত্র আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে বগুড়ায় মামলা হয়েছে।
রবিবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১-এ মামলাটি করেন সাদিয়া রহমান মিথিলা নামে এক নারী।
মামলায় হিরো আলম ছাড়াও আসামি করা হয়েছে তাঁর মেয়ে আলো বেগম, ব্যক্তিগত সহকারী আল আমিন, পরিচিত মালেক ও তাঁর স্ত্রী জেরিন এবং আহসান হাবাবী সেলিমকে। আদালতের বিচারক মো. আনোয়ারুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার তদন্তভার দিয়েছেন পিবিআই বগুড়াকে।
অভিযোগে বাদী বলেন, অভিনয়ের সুযোগ করে দেওয়ার প্রলোভনে হিরো আলম প্রথমে সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে একজন মৌলভীর মাধ্যমে বিয়ের রীতিতে ‘কবুল’ পড়িয়ে বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় একত্রে বসবাস শুরু করেন দুজন। ওই সময় শর্ট ফিল্ম নির্মাণের কথা বলে বাদীর কাছ থেকে ১৫ লাখ টাকা ধার নেন আলম।
বাদীর দাবি, কাবিনের কথা তুলতেই হিরো আলম তাঁকে ১৮ এপ্রিল বগুড়ার বাড়িতে নিয়ে গিয়ে গর্ভপাত করাতে চাপ দেন। রাজি না হওয়ায় ২১ এপ্রিল অন্য আসামিরা মিলে তাঁকে মারধর করেন। এর পরের দিন রক্তক্ষরণ হলে তাঁকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয় এবং সেখানেই তাঁর গর্ভপাত ঘটে। পরে ২৪ এপ্রিল তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ২৬ এপ্রিল পর্যন্ত চিকিৎসা চলে।
এ বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, ‘আমি ওই নারীকে চিনি না। আমাকে হয়রানি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা করা হয়েছে।’
এলএনডি/এনই
–
English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/






