ছাত্রলীগ বিরোধী পোস্টের জেরে গোপালগঞ্জে দুই নেতার ওপর হামলা

Liberty News Desk
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কের ওপর হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রলীগের বিরুদ্ধে পোস্ট দেওয়ায় শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে জেলা শহরের এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ হামলা হয়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন সমন্বয়ক এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহবায়ক জসিম উদ্দিন ও সদস্য সচিব সাইদুর রহমান।

আহত জসিম বলেন, বিকেল ৪ টার দিকে গোপালগঞ্জ শহরে উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে আমরা তিনজন বের হই। এসএম মডেল স্কুলের সামনের সড়কে পৌঁছলে ১২-১৩ যুবক আমাদের ঘিরে ফেলেন। তারা বলে যে জসিমকে তুই না? এই কথার পর তারা আমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পেছন থেকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকে। লোকজন ভিড় করলে চাঁদাবাজ আখ্যা দিয়ে বলে তোরা চাঁদাবাজি করিস, তোদের চাঁদাবাজি ছোটাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের বাইরে বেরহবি না, বের হলে তোদের খবর আছে। তাদের মারধরে আমি ও সাইদুর আহত হই। যারা হামলা চালিয়েছে তাদের চিনি না। তবে বৃহস্পতিবার নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের এক নেতাকে নিয়ে দেওয়া ফেসবুক পোস্টের কারণে এ ঘটনা ঘটতে পারে।

জসিম ফেসবুক পোস্টের বিষয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে কয়েকজন বহিরাগত আমার বিষয়ে খোঁজ-খবর নিতে থাকে। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে নিয়ে পোস্ট দেই। সেখানে লিখেছিলাম‌ ‘ জসিম কে তোদের বাপ? নিউটন মোল্লাকে জিজ্ঞেস কর’। ওই পোস্টের পরই হামলা হলো।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এলএনডি/বিজি

শেয়ার করুন