কিশোরদের বিরোধে প্রাণ গেল যুবকের

Liberty News Desk
ছবি: সংগৃহীত

নরসিংদীতে দুই কিশোরের খেলাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ রূপ নেয় রক্তাক্ত সংঘর্ষে, যার পরিণতিতে প্রাণ গেল ২৫ বছরের যুবক জুনায়েদ হাসানের।

নরসিংদী শহরের নাগরিয়াকান্দী এলাকায় বুধবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে সংঘটিত এই ঘটনার সময় মাসুম মোল্লা নামে আরও একজন আহত হন। নিহত জুনায়েদ ও আহত মাসুম উভয়েই ওই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় স্থানীয় মাঠে মাসুম ও হায়দার নামের দুই কিশোরের ঝগড়াকে কেন্দ্র করে তাদের পিতা-মাতাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে হায়দার, মাসুমের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ফের হামলার শিকার হন মাসুম। শহরের কাউরিয়া ঈদগাহ এলাকায় হায়দারের লোকজন তাকে কুপিয়ে আহত করে। উত্তেজিত জনতা হামলাকারীদের মধ্যে জুনায়েদকে ধরে ফেলে এবং তাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

গুরুতর অবস্থায় প্রথমে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। মাসুমকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এলএনডি/বিজি

শেয়ার করুন