আব্দুল মোমিন, বগুড়াঃ সৌদি আরবের সাথে মিল রেখে বগুড়ার বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। রোববার (৩০ মার্চ) জেলার তিন উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ।
জেলার গাবতলী উপজেলার রেল স্টেশনের একটি মাঠে অর্ধশত মুসল্লি সকাল ৮ টায় ঈদের নামাজ আদায় করেন। এছাড়াও ধুনট উপজেলার হাশুখালী গ্রামে ও সোনাতলার কালাইগাটা গ্রামে কয়েক বাড়ির মুসল্লিরা সকাল সাড়ে ৭ টায় ঈদের নামাজ আদায় করেন।
শিশু ও নারীরা জামাতে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মুসল্লিরা দাবি করেন, পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে রোজা রাখা হারাম। সারা পৃথিবীতে ঈদ হচ্ছে, সে হিসেবে আমরাও পালন করছি। এর আগেও ঈদ পালন করেছি।
একই তারিখে রোজা রাখা ও ঈদ উদ্যাপন করার জন্য সব মুসলমানদের প্রতি আহ্বান জানান নামাজে আসা মুসল্লিরা।
বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশের ওসি আশিক ইকবাল বলেন, বেশ কয়েকজন মুসল্লি তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আজই ঈদুল ফিতর উদ্যাপন করছেন। গাবতলীতে ঈদ জামাত শান্তিপূর্ণভাবে অনু্ষ্ঠিত হয়েছে।
এলএনডি/এনই






