গাবতলী প্রতিনিধি, বগুড়া : বগুড়ার গাবতলী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় গর্ভবতী নারীসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সোন্দবাড়ী উত্তরপাড়া গ্রামের আশিকুর মণ্ডলের স্ত্রী সুমি বেগম স্বামী বিদেশ থাকায় দুই মেয়ে নিয়ে বসবাস করেন। দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রতিপক্ষের জমি সংক্রান্ত বিরোধ চলছিল।
এরই জেরে গত ২৫ মার্চ বিকেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে গর্ভবতী সুমি বেগম (৩৫), মিতু আকতার (১৮), আশরাফ আলী (৩৯), আজাহার মণ্ডল (৫০), গোফফার মণ্ডল (৬৪) ও খুপি বেওয়া (৭৫) আহত হন। তাদের মধ্যে খুপি বেওয়ার ডান হাতের একটি আঙুল ভেঙে গেছে।
অভিযোগকারীরা জানান, হামলাকারীরা সুমি বেগমের কানের দুল ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়, যার মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় গত ২৬ মার্চ জাহিদুল মণ্ডল, সাকিন মণ্ডল, লারু মণ্ডল, হাবিব, তুহিন, শাকিলা আকতার ও শিল্পী বেগমের নামে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী জানান, অভিযুক্তদের মধ্যে হাবিব ও শাকিলা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা যেন দেশ ছাড়তে না পারেন।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম বলেন, “অভিযোগের তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”






