দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিজার রহমান তপুর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বড়পুকুরিয়া কয়লা খনির গেটের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বক্তারা জানান, গতকাল দুপুর আনুমানিক ২টার দিকে ব্যবসায়িক কাজে বড়পুকুরিয়া কয়লা খনির গেটে আসেন ফরিজার রহমান তপু। তখন মুকুল ও লুৎফর গংয়ের সদস্যরা তার উপর অতর্কিত হামলা চালায় এবং তাকে লাঞ্ছিত করে।
বিক্ষোভ মিছিল থেকে হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বক্তারা আরও অভিযোগ করেন, মুকুল ও লুৎফর বিগত সরকার আমলে বিভিন্ন সুবিধা নিয়ে বিপুল সম্পদ গড়েছেন এবং ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কিছু নেতাকে অর্থের বিনিময়ে বিএনপির অঙ্গ সংগঠনের কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হাবড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আদিব মিরাজ উৎসব, ১ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানী, পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য হারুনুর রশিদ এবং হাবড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামিম হোসাইন।
বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশো নেতাকর্মী অংশগ্রহণ করেন।






