ভূরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলন: দুটি ড্রেজার মেশিন ধ্বংস

Liberty News Desk

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফুলকুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌসের নেতৃত্বে পাথরডুবি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে উপজেলা প্রশাসন ও ভূরুঙ্গামারী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পাথরডুবি ইউনিয়নের থানাঘাট বাজার সংলগ্ন ফুলকুমার নদী থেকে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছিলেন। এতে থানাঘাট বাজার, থানাঘাট ব্রিজসহ আশপাশের কয়েক একর ফসলি জমি ক্ষতির মুখে পড়ে। পাশাপাশি, আশপাশের কয়েকটি ভূমিহীন পরিবারও ঝুঁকিতে পড়ে। বিষয়টি নিয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়। পরে গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে প্রশাসন অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে ইউএনও গোলাম ফেরদৌস বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে আছি। অভিযানের অংশ হিসেবে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অবৈধ কার্যক্রম রোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই এলাকায় কিছু অসাধু চক্র নিয়মিতভাবে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। তবে প্রশাসনের সাম্প্রতিক অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

শেয়ার করুন