গ্রেফতারের পর ৪ দিনের রিমান্ডে সেই মিষ্টি

Liberty News Desk

দখল, ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া টাঙ্গাইলের নারী সমন্বয়ক মারিয়াম মোকাদ্দেস মিষ্টির (২৭) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খান রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ তাকে আদালত পাঠায়। টাঙ্গাইলের আদালত পরিদর্শক লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান বাদী হয়ে একটি মামলা করেন। যেখানে মিষ্টিসহ ৭ থেকে ৯ জনকে আসামি করা হয়। রাতেই এ মামলায় মিষ্টিকে গ্রেফতার করে পুলিশ।

মিষ্টি বাসাইল উপজেলার জশিহাটী গ্রামের শাহ আলমাসের স্ত্রী। তবে তিনি বর্তমানে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুরপাড়ায় বসবাস করছেন।

এর আগে গত শনিবার ১৭ জন মানসিক ভারসাম্যহীনকে নিয়ে শহরের আকুরটাকুর ছোট কালীবাড়ি এলাকায় জোয়াহেরুল ইসলামের বাসা জবরদখল করেন মিষ্টি। বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হলে নড়েচড়ে বসে প্রশাসন। সেদিন রাত সাড়ে ১০টার দিকে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে বাড়িটি দখলমুক্ত করে।

সদর উপজেলা সহকারী কমিমনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।পরে মুচলেকা দিয়ে রাতেই মিষ্টিকে ছেড়ে দেওয়া হয়।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, ‘মামলার পর শহরে অভিযান চালিয়ে মিষ্টিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

এলএনডি/ এসএইচ

শেয়ার করুন